জাতীয়

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির সুধা সদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

২১ বার পঠিত
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত শাকিল মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টাইল অফিস এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির ছেলে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিস্তারিত তদন্ত চলছে।