জাতীয়

হাজারীবাগে রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবক

৪ বার পঠিত
হাজারীবাগে রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবক
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজারীবাগ পার্ক সংলগ্ন শাহ আলম গলির মন্দিরের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের (১৫ নম্বর) বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। তিনি নির্দিষ্ট কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। কিছুদিন ধরে এক পরিবহনে হেলপার হিসেবে কাজ করছিলেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক ইব্রাহিম জানান, কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার উদ্দেশে যাওয়ার সময় শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হাসপাতালে পাঠাতে নির্দেশ দেয়। রাত আড়াইটার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে ভোরে তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করল, সে বিষয়ে আমরা এখনও কিছু বুঝতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।