আন্তর্জাতিক

দমিয়াত (Damietta) বন্দর সংলগ্ন এলএনজি টার্মিনালে বিস্ফোরণ

মিশর ভূমধ্যসাগরীয় দমিয়াত (Damietta) বন্দর সংলগ্ন এলএনজি টার্মিনালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

২৬ বার পঠিত
দমিয়াত (Damietta) বন্দর সংলগ্ন এলএনজি টার্মিনালে বিস্ফোরণ
প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক জরুরি নিরাপত্তা ও ফায়ার ফাইটিং পরিকল্পনা গ্রহণ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিশরীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো একে ড্রোন হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে (Ambrey)-র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সঞ্চয়কারী ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ড্রোনটি ‘এনারগোস উইন্টার’ (Energos Winter) নামক মার্কিন মালিকানাধীন জাহাজে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায় এবং পরবর্তীতে তা ‘গ্যাসলগ সালেম’ (Gaslog Salem) নামের অপর একটি গ্যাসবাহী জাহাজে ছড়িয়ে পড়ে। শিপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনচকেপও (Inchcape) নিশ্চিত করে যে দুটি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুততম সময়ে জাহাজ থেকে কর্মী ও ক্রুদের সরিয়ে নেওয়া হয় এবং অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিশরের সরকারি বিবৃতিতে কেবল একটি টাগবোট ও স্টোরেজ জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত বন্দর থেকে অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হলেও বন্দরে নৌ-চলাচল দ্রুত স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি, তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মাঝে ভূমধ্যসাগরীয় বন্দরে এ ধরনের ঘটনা আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক রুটের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিল।